হানিফ সরদার, জয়পুরহাট |
জয়পুরহাট ও দিনাজপুরে এক মাসে অভিযান চালিয়ে ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকার বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)২০। এসব অভিযানে মাদকদ্রব্য বিদেশি মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। একই সময়ে আটক করা হয়েছে ১৭ জনকে।
শনিবার (১৪ নভেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ও বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ৪৪২টি বিদেশি কয়েন, ৪৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২ পিস অ্যাম্পল ইনজেকশন, ৩১২ বোতল বিভিন্ন ধরনের যৌন উত্তেজক সিরাপ এবং ১৭৩ বোতল মাদকদ্রব্যজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
এ ছাড়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত ৬টি বেলে বা কষ্টিপাথর জব্দ করা হয় যার ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম। জব্দ করা সব মালামালের আনুমানিক মূল্য ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 



















