মোঃ শাফায়েত হোসেন, মুরাদনগর (কুমিল্লা) |
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১নং শ্রীকাইল ইউনিয়নে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) শ্রীকাইল ইউনিয়নের নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন স্মাইল ফাউন্ডেশন বিডি-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির স্লোগান— “I SMILE! YOU CAN”।
শ্রীকাইল ইউনিয়নে ২৪টি গ্রাম ও চারটি উচ্চ বিদ্যালয় রয়েছে। এর মধ্যে তিনটি সাধারণ উচ্চ বিদ্যালয় ও একটি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বছর ইউনিয়নের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জন করেছে। তাদের মধ্যে নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন, মোহাম্মদপুর রাহাত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের একজন এবং শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী রয়েছে।
কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ওই ১০ শিক্ষার্থীকে অনুষ্ঠানে সম্মাননা, ক্রেস্ট ও শুভেচ্ছা জানানো হয়। শিক্ষার্থীদের হাতে ক্রেস্টের পাশাপাশি কলেজ ব্যাগ, পড়ার লাইটসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মগ, গ্লাস, ব্যাগসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভিন, শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার, একই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শ্রীকাইল সরকারি কলেজের উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, মোহাম্মদপুর রাহাত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, শ্রীকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিটন কুমার সরকার, শ্রীকাইল হিলফুল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, শফিকুল ইসলাম বেগ ও রফিকুল ইসলাম বেগ।
নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভিন বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন ও শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফল। ভবিষ্যতেও তারা যেন নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে নিজেদের গড়ে তোলে, সে বিষয়ে সবাইকে মনোযোগী হতে হবে।”
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার বলেন, “জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবে এই ফলাফলই শেষ নয়; উচ্চশিক্ষায় আরও ভালো করতে হলে এখন থেকেই লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে।”
শ্রীকাইল সরকারি কলেজের উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার বলেন, “এসএসসির পর শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়। সঠিক বিষয় নির্বাচন, সময়ের যথাযথ ব্যবহার এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে পারে।”
স্মাইল ফাউন্ডেশন বিডির প্রতিষ্ঠাতা কে এম শাফকাত জেনিল বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আমরা চাই, তারা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগাক।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারিকুল ইসলাম।
এতে স্মাইল ফাউন্ডেশন বিডির সিনিয়র সহসভাপতি রেদোয়ান আহমেদ এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা কে এম শাফকাত জেনিলসহ শ্যামল চন্দ্র কর, আলী আকবর খান, মো. সুজন মুন্সী, মো. শফিকুল ইসলাম, জি এম আক্তার, মো. মাইনউদ্দিন, রেদোয়ান আহমেদ সজল, মো. কাজল, মো. উজ্জ্বল, মো. সোহেল, সাগর সরকার, মো. নাজমুল হাসান ও মো. হাসান উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা দেওয়াই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের এই অর্জন শ্রীকাইল ইউনিয়নের জন্য গর্বের বিষয়। তাদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 



















